আলফা (স্বাধীন)-এর নাম করে চাঁদা সংগ্রহ, গ্রেপ্তার আসুর এক নেতাসহ চার

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : আলফা (স্বাধীন)-এর নাম করে চাঁদা তোলার অভিযোগে তিনসুকিয়া পুলিশ রবিবার আসুর এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে ঘিরে রবিবার সন্ধ্যায় তিনসুকিয়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মৃন্ময় দাস জানান, গোয়েন্দা তথ্য এবং বিশেষ সূত্রের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে আছুর কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক তথা তিনসুকিয়ার ককরাতলীর সমরজ্যোতি গোঁহাই (৩৮), কাকপথারের দেবাশিস গোঁহাই (২৭), নাহরকাটিয়ার মৃত্যুঞ্জয় কোঁওর (৩৯) এবং যোরহাটের ডিপু চেতিয়া পাত্র (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃত চারজনকে ইতিমধ্যেই তিনসুকিয়া পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। পাশাপাশি, ধৃতদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলায় শেখ বছির নামে আরও এক ব্যক্তিকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে। অসম পুলিশের একটি দল ইতিমধ্যেই মহারাষ্ট্রে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

তিনসুকিয়া পুলিশ ধৃতদের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা সহ একাধিক আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে। তদন্তে জানা গেছে, ধৃতরা এক ব্যবসায়ীর কাছ থেকে এই অর্থ সংগ্রহ করে মহারাষ্ট্রের ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছিল। সন্দেহ করা হচ্ছে, শেখ বছির সেই অর্থ উগ্রপন্থী সংগঠনের কাছে পাঠিয়েছিল।

এছাড়াও দেবাশিস গোঁহাইয়ের ব্যাঙ্ক লেনদেন এবং ভ্রমণ সংক্রান্ত তথ্যও অত্যন্ত সন্দেহজনক বলে জানিয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্তে তিনসুকিয়া পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তদন্তের অগ্রগতিতে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *