রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শ্রমিক, কৃষক ও সাধারণ নাগরিকদের অধিকার সুরক্ষা এবং বিভিন্ন আর্থসামাজিক সমস্যার সমাধানের দাবিতে ১২ দফা দাবি উত্থাপন করে বুধবার শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল তিনটি সংগঠন। অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, অল ইন্ডিয়া কিষাণ মজদুর সভা এবং ফোরাম ফর সোশ্যাল হারমনির কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে সরব হন। পরে কাছাড়ের জেলা আয়ুক্তের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, এনআরসি ও এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে। তাঁরা সুপারি চাষিদের উপর পুলিশি হয়রানি বন্ধ, কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় এবং ডলু চা-বাগানের শ্রমিকদের কর্মসংস্থান সুনিশ্চিত করার দাবি জানান।

এছাড়াও ডিএ থেকে বঞ্চিত শ্রমিকদের বিশেষ মহার্ঘ ভাতা প্রদান, বেকারদের জন্য ভাতা চালু, কৃষকদের উৎপাদিত ধান ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) অনুযায়ী ক্রয় এবং ভূমিহীনদের জমির পাট্টা প্রদানের দাবি তোলা হয়। পাশাপাশি ডলু চা-বাগানের জমিতে শ্রমিক সমবায়ের মাধ্যমে উৎপাদনমূলক প্রকল্প চালুর দাবিও স্মারকপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিক্ষোভে সংগঠনগুলির নেতারা বলেন, শ্রমিক ও কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা উপেক্ষিত থাকায় শ্রমজীবী মানুষ ও কৃষকদের দুর্ভোগ বাড়ছে বলেও তাঁরা উল্লেখ করেন।

দাবিগুলির দ্রুত বাস্তবায়নে রাজ্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। তাঁদের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিগুলি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।



