বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায় গত ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেসিপি (পিডব্লিউজি)-র পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি পৃথক তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের বিবৃতি অনুযায়ী, সোমবার ইম্ফল পশ্চিম জেলার পাটসোই থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ কমান্ডো ও ৩৩ অসম রাইফেলসের যৌথ বাহিনী কেসিপি (পিডব্লিউজি)-র আত্মসমর্পণ না করা গোষ্ঠীর চার সদস্যকে গ্রেফতার করে। ধৃতরা হল ফিজাম মুথি সিং (২০), লংজাম নাওবা সিং (৩৯), সরোখাইবাম ইনাওচা সিং (৪৬) এবং সুখাম জেমস সিং (২৫)।

এছাড়া, মঙ্গলবার জেলার মসজিদ রোড এলাকা থেকে তোলাবাজির অভিযোগে ওই সংগঠনের আরও এক সদস্যকে আটক করা হয়। ধৃতের নাম ওইনাম নাওবা সিং (২৬), তার বয়স ২৬ বছর।
অন্যদিকে, ইম্ফল পশ্চিম জেলার মায়াং ইম্ফল থানার অধীন সাগাইসাবি এলাকায় নিরাপত্তা বাহিনীর ঘেরাও ও তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি লাথোড গান, ছয়টি ব্যারেল গান, দুটি পিস্তল, সাতটি দাঙ্গা নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং পাঁচটি হ্যান্ডহেল্ড যোগাযোগ সেট। ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।



