বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : অসমের সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলিতে স্নাতক স্তরে অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে পূর্বের সাশ্রয়ী ফি কাঠামো ফিরিয়ে আনার দাবিতে বুধবার সংগঠনের অসম রাজ্য কাউন্সিলের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। গুয়াহাটি মেডিক্যাল কলেজ, শিলচর মেডিক্যাল কলেজ ও তেজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের মাধ্যমে এই স্মারকপত্র পাঠানো হয়।
উল্লেখ্য, অসম সরকারের মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগ সম্প্রতি Notification No. MER. 823273/22 জারি করে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে স্নাতক স্তরের ফি বহুগুণ বৃদ্ধি করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব পরিবারের বার্ষিক আয় ৯ লক্ষ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রে এমবিবিএস কোর্সের বার্ষিক ফি ১ লক্ষ টাকা এবং বিডিএস কোর্সের ফি ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ৪ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়সম্পন্ন পরিবারের পড়ুয়াদের জন্য এমবিবিএস-এ ৫০ হাজার এবং বিডিএস-এ ৩৭ হাজার ৫০০ টাকা বার্ষিক ফি ধার্য করা হয়েছে।
সংগঠনের বক্তব্য, দীর্ঘদিন ধরে চালু থাকা নামমাত্র ও সাশ্রয়ী সরকারি ফি কাঠামো বাতিল করে এভাবে বিপুল পরিমাণ ফি চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও ছাত্রস্বার্থবিরোধী। বর্তমান মুদ্রাস্ফীতি এবং লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়ের বাজারে বার্ষিক ৪ লক্ষ কিংবা ৯ লক্ষ টাকা পারিবারিক আয় থাকলেই যে পরিবারের হাতে পর্যাপ্ত অর্থ সঞ্চিত রয়েছে, এমনটা ভাবার কোনও অবকাশ নেই। বিশেষ করে টানা পাঁচ বছর ধরে প্রতি বছর ৩৭ হাজার ৫০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ফি বহন করা চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

স্মারকপত্রে এআইডিএসও-র পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, সর্বভারতীয় স্তরের কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ মেধার ভিত্তিতে পড়ুয়ারা সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পান। অথচ শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে কোনও মেধাবী পড়ুয়াকে যাতে চিকিৎসক হওয়ার স্বপ্ন বিসর্জন দিতে না হয় কিংবা উচ্চশিক্ষার জন্য ঋণের বোঝায় জর্জরিত হতে না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সংগঠনের মতে, জনগণের করের টাকায় পরিচালিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত জনসাধারণকে পরিষেবা প্রদান, মুনাফা অর্জন নয়। সরকারি চিকিৎসা শিক্ষাকে ক্রমশ ব্যয়বহুল করে তোলার মাধ্যমে কার্যত বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে ভবিষ্যতে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিষেবার উপরও।

এছাড়াও নিম্ন আয়ের শ্রেণিতে থাকা পড়ুয়াদের ক্ষেত্রে প্রতি বছর আয়ের শংসাপত্র নবীকরণের প্রশাসনিক জটিলতা এবং পারিবারিক আয় সামান্য বৃদ্ধি পেলেই ফি বেড়ে যাওয়ার আশঙ্কা তাঁদের পড়াশোনায় অনিশ্চয়তা তৈরি করবে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, কোনও বাণিজ্যিক পণ্য নয় বলেও দাবি সংগঠনের।
এআইডিএসও কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে অবিলম্বে Notification No. MER. 823273/22 প্রত্যাহার, পূর্বের সাশ্রয়ী ফি কাঠামো পুনর্বহাল এবং পড়ুয়াদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপিয়ে চিকিৎসা শিক্ষা খাতে সরকারি বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়েছে। সরকার অবিলম্বে এই ছাত্রস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।



