বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : ত্রিপুরার খোয়াইয়ের মহাদেবটিলায় অন্যান্য বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী চড়ক মেলা। তবে প্রতি বছরের মতো এবছরও মেলাকে ঘিরে বিভিন্ন স্থানে জুয়ার আসর বসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, মেলা শুরুর একদিন আগ থেকেই জুয়ার রমরমা শুরু হয়ে যায়, মহাদেবটিলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
জনসাধারণের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ দুই জুয়াড়িকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি বিশেষ দল সোনাতলা সংলগ্ন ভবতোষ পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬টি ডাইস এবং জুয়ার বোর্ড থেকে নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন টুটন সাহা (৩৫) ও মনোরঞ্জন শীল (৩৯)। দুজনেই খোয়াই থানার অন্তর্গত সোনাতলা ভবতোষ পাড়া এলাকার বাসিন্দা।



