বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : মাদক পাচার ও আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ), ২০০২-এর অধীনে মিজোরামের আইজল ও চাম্ফাই, অসমের শ্রীভূমি এবং গুজরাটের আমেদাবাদের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, মিজোরাম পুলিশের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের অধীনে দায়ের করা ওই মামলায় ছয়জনের কাছ থেকে ৪.৭২৪ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪১ লক্ষ ৬৬ হাজার টাকা।
পিএমএলএ-র অধীনে তদন্ত এবং তল্লাশি অভিযান চলাকালীন নগদ ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইডি। পাশাপাশি, বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




