আম্বেদকরের জন্মবার্ষিকী পালন কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ড. বিআর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী। মঙ্গলবার সকালে কলেজ রোডস্থ সংগঠনের কার্যালয়ে এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সজলকান্তি দাস, সাংগঠনিক সম্পাদক অজিত দাস, মানবাধিকার সহায়তা সংঘের প্রভারী সুকান্ত চক্রবর্তী, সহ-সভাপতি পিকলু দাসসহ অন্যান্য সদস্যরা। তাঁরা ড. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সভাপতি সজলকান্তি দাস বলেন, “ড. ভীমরাও আম্বেদকর ছিলেন ভারতের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন বিশিষ্ট আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক। দলিত পরিবারে জন্মগ্রহণ করেও বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে তিনি ভারতের সংবিধানের প্রধান স্থপতি হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর নেতৃত্বে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান প্রণীত হয়, যেখানে মৌলিক অধিকার সুনিশ্চিত করা হয়েছে।

এছাড়াও তিনি দেশের প্রথম আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী একজন অগ্রগণ্য অর্থনীতিবিদ ছিলেন। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের প্রশ্নে তিনি ছিলেন এক অকুতোভয় কণ্ঠস্বর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *