শিবনগর সেন্ট্রাল যুব সংস্থার দুর্গাপুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী মানিক সাহার

Spread the news


বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দুর্গাপুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। এরই মধ্যে আগরতলার শিবনগর সেন্ট্রাল যুব সংস্থার উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত-সহ শিবনগর সেন্ট্রাল যুব সংস্থার কর্মকর্তারা। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পুজো প্রাঙ্গণে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ বছর দুর্গাপুজো উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ থিমের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। অভিনব ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে পুজোর মণ্ডপকে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর এই বিশেষ আয়োজন দর্শনার্থীদের কাছে নতুন অভিজ্ঞতা তুলে ধরবে বলে আশা উদ্যোক্তাদের।

মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজোর উদ্বোধনকে কেন্দ্র করে শিবনগর সেন্ট্রাল যুব সংস্থার ক্লাব প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। দুর্গাপুজোকে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উন্মাদনা। সব মিলিয়ে পুজোর আবহে শিবনগর এলাকায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *