হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : হাইলাকান্দি শহরের ২ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীর। মৃত ছাত্রীর নাম ইয়াসমিন সুলতানা লস্কর। সে সপ্তম শ্রেণিতে পড়ত। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরোয়া কাজের উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদে গিয়েছিল ইয়াসমিন। সেখানে অসাবধানতাবশত ছাদের উপর থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়ে কিশোরী।

ঘটনাটি নজরে আসতেই পরিবারের সদস্যরা দ্রুত ইয়াসমিনকে উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাত্র ১৪ বছর বয়সে ইয়াসমিনের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে। পাশাপাশি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত এলাকার বাসিন্দারাও। অল্প বয়সেই এক স্কুলছাত্রীর এমন মর্মান্তিক পরিণতিতে গোটা ২ নম্বর ওয়ার্ডে শোকের পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *