গ্রাম-শহরে সর্বত্রই চড়ক পূজাকে ঘিরে উৎসবের আবহ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : চড়ক পূজা তথা শিবের গাজন উৎসবকে কেন্দ্র করে বরাক উপত্যকাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিলচরে সন্ন্যাসী জীবন বর্মন ও অতীন্দ্র দাসের উদ্যোগে আয়োজিত এবারের চড়ক পূজা আগের বছরের মতোই মানুষের ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকউৎসব, যা প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে উদযাপিত হয়। এই পূজা দেবাদিদেব শিবের গাজন উৎসব নামেও সুপরিচিত। পূজার প্রায় এক মাস আগে থেকেই সন্ন্যাসীরা কঠোর ব্রত, উপবাস ও সংযম পালন করে নিজেদের প্রস্তুত করেন। অনেকেই বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মশুদ্ধি ও ভক্তির নিদর্শন তুলে ধরেন।

উৎসব উপলক্ষে আয়োজকরা শিব, পার্বতী ও কালী সেজে পাড়া-পাড়ায় ঘুরে নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে চাল, ডাল, ফলমূল ও আর্থিক অনুদান সংগ্রহ করে পূজার ব্যয়ভার নির্বাহ করা হয়। চড়ক পূজার অন্যতম আকর্ষণ হলো মেলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং এক মিলনমেলার পরিবেশ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরাকের শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্রই চড়ক পূজাকে ঘিরে উৎসবের আবহ লক্ষ্য করা গেছে। শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দান, কালীবাড়ি চর, তারাপুর মালিনী বিল, জানিগঞ্জ, শ্রীকোণা, রামনগর, শ্মশান ঘাট ও সুভাষনগর ময়দানসহ বিভিন্ন স্থানে আয়োজিত চড়ক পূজায় দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষের ভিড় উপচে পড়ে।

উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে, যাতে শান্তিপূর্ণভাবে এই ঐতিহ্যবাহী লোকউৎসব সম্পন্ন করা যায়। সামগ্রিকভাবে, চড়ক পূজাকে কেন্দ্র করে বরাক উপত্যকা জুড়ে আনন্দ, ভক্তি ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন প্রত্যক্ষ করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *