মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: বৃহত্তর কটামণি এলাকার এনএস ছলামনা মাঠে অনুষ্ঠিত আব্দুল মান্নান নামাঙ্কিত আট দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হলো কটামণি ইয়ং স্টার ক্লাব। ফাইনালে তারা এন এস ছলামনা এফসিকে ৩-০ গোলে পরাজিত করে।
ফাইনাল ম্যাচ ঘিরে দুপুর থেকেই মাঠে উপচে পড়ে দর্শকের ভিড়। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলার ১০ মিনিটে আজিজুল হোসেনের গোলে এগিয়ে যায় কটামণি ইয়ং স্টার ক্লাব। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কটামণি। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে এন হালাম দলের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় কটামণি ইয়ং স্টার ক্লাব। রানার্স-আপ হয় এন এস ছলামনা এফসি।
ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন ক্রীড়াবিদ আব্দুল মান্নান, প্রাক্তন প্রধান শিক্ষক ও ক্রীড়াপ্রেমী আকবর আলি, প্রাক্তন ওয়ার্ড সদস্য ফুরকান আলি, তাজউদ্দিন, নুরুল হক, আব্দুল মতিন, সাহিন আক্তারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি সাদিক আহমেদসহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হবিবুর রহমানের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং গ্রামীণ প্রতিভাবান ফুটবলারদের সুযোগ করে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন।



