শ্রীভূমিতে কনকলতা বড়ুয়ার আত্মবলিদান দিবস পালন

Spread the news

শহিদদের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলার আহ্বান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : স্বাধীনতা আন্দোলনের বীর শহিদ কনকলতা বরুয়ার আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এআইডিএসও-র করিমগঞ্জ জেলা কমিটি। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় এগ্রিকালচার অফিসের বিপরীতে কনকলতা বরুয়ার একটি শহিদ বেদি স্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কনকলতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সভানেত্রী পিকলু দাস। এরপর শ্রদ্ধা জানান এআইডিএসও-র করিমগঞ্জ জেলা সভাপতি সুজিৎ কুমার পাল, জয়দীপ দাস, বাবলী দাস এবং কিশোর-কিশোরী বাহিনী কমসোমলের পক্ষে রাঁধা কোহার-সহ উপস্থিত অন্যান্যরা।
পরে এআইডিএসও-র জেলা কার্যালয়ে ছাত্রছাত্রী ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি সুজিৎ কুমার পাল। তিনি বলেন, ১৯৪২ সালের ২০ সেপ্টেম্বর গহপুর থানায় জাতীয় পতাকা উত্তোলনের সময় ব্রিটিশ পুলিশের গুলিতে শহিদ হন কিশোরী কনকলতা বরুয়া। তাঁর সঙ্গে শহিদ হন মুকুন্দ কাকতি। তাঁদের আত্মত্যাগ স্বাধীনতা আন্দোলনে ছাত্র-যুবসমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।

সুজিৎকুমার পাল বলেন, শহিদ কনকলতা ও অন্যান্য বীর বিপ্লবীর স্বপ্ন ছিল শোষণ, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত ভারত গড়া। তাঁর বক্তব্যে বর্তমান সময়ের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি ও সামাজিক সমস্যার কথাও উঠে আসে।

তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে কনকলতা বরুয়ার মতো শহিদদের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলা জরুরি। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করে নতুন প্রজন্মকে সমাজের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *