বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিল ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের সম্পাদক হেমন্ত পেগু এক প্রেস বার্তায় বলেন, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মতো একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রীর এমন রহস্যজনক মৃত্যু অত্যন্ত সংবেদনশীল ও উদ্বেগজনক বিষয়। ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িতদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
পাশাপাশি, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে মৃত ছাত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং পরিবারটির যাতে ন্যায়বিচার পায় তা সুনিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।



