জুবিনের স্মরণে পাথারকান্দিতে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : প্রয়াত শিল্পী জুবিন গর্গের স্মরণে পাথারকান্দিতে অনুষ্ঠিত হল আবেগঘন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। দক্ষিণ রেলগেট সংলগ্ন রাজারগাঁও এলাকায় প্রতাপগড় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অসংখ্য জুবিন অনুরাগী, গুণগ্রাহী ও স্থানীয় মানুষ অংশ নেন। প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে পূজা কমিটির সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমার ঘোষণা করেন, জুবিন গার্গের স্মৃতিকে সম্মান জানিয়ে দক্ষিণ রেলগেট সংলগ্ন রাজারগাঁওয়ের একটি রাস্তার নাম ‘জুবিন পথ’ করার উদ্যোগ নেওয়া হবে। এই ঘোষণায় উপস্থিত জুবিনপ্রেমীদের মধ্যে আবেগের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, জুবিন শুধু অসমের জনপ্রিয় শিল্পী ছিলেন না, তাঁর গান ভাষা, জাতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় তাঁর গাওয়া গানও এই অঞ্চলের মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয়।
অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয় পাথারকান্দির যুবক ও ট্যাটু শিল্পী আদি রাজকুমারকে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর গুয়াহাটিতে এক দুর্ঘটনায় গাড়িতে আটকে পড়া আদিকে উদ্ধারে জুবিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে অনুষ্ঠানে জানানো হয়। পরবর্তীতে নিজের রক্ত দিয়ে জুবিনের প্রতিকৃতি এঁকে এবং তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে বৃহৎ প্রতিকৃতি অঙ্কন করে শ্রদ্ধা জানান আদি। তাঁর এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। জুবিনের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে বারবার ফিরে আসে প্রয়াত শিল্পীর স্মৃতি।



