সর্বাঙ্গীন বিকাশে জাতি-ধর্ম নির্বিশেষে যোগ-বিজ্ঞানকে সঙ্গী করার বার্তা
বরাক তরঙ্গ, ২৭ জুন : শিলচর “নিরাময় স্কুল অব যোগ এডুকেশন”-এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল “সরকারি আদর্শ মহাবিদ্যালয়, বড়খলা”। পড়ুয়া, শিক্ষক-অশিক্ষক কর্মচারী সহ স্থানীয় জনতার মধ্যে যোগ শিক্ষার প্রচার-প্রসার ও নিয়মিত যোগ চর্চার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। সম্প্রতি এক অনুষ্ঠানে নিরাময়ের পক্ষে ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য ও মহাবিদ্যালয়ের তরফে অধ্যক্ষ ড. সাহাব উদ্দিন আহমদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মুখ্য অতিথি ছিলেন কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ,জয়দীপ বিশ্বাস। অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর ড. বাহারুল আলম লস্কর, আইকিউএসি কোর্ডিনেটর ড. মফিদুর রহমান, কলেজের যোগ এডুকেশন কোর্ডিনেটর ড.রূপশ্রী পাল সহ অন্যান্য শিক্ষক-অশিক্ষক কর্মী, পড়ুয়ারা অংশ নেন চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে। সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা মৌসনা নাথ।

অধ্যক্ষ সাহাব উদ্দিন বলেন, এই সমঝোতা চুক্তি পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশের এক নতুন রাস্তা খুলে দিল। যোগ প্রক্রিয়ার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কলা-কৌশল এখন কলেজ ক্যাম্পাসেই পাবেন ছাত্র-ছাত্রীরা। অধ্যাপক জয়দীপ বিশ্বাসের কথায়, যোগ প্রক্রিয়া হচ্ছে নিজেকে নিজে সুস্থ রাখার অন্যতম উপায়। এটি একটি চিকিৎসা পদ্ধতি। জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই এই যোগ বিজ্ঞান সম্পর্কে জানা দরকার। নিয়মিত চর্চায় যোগ’কে সঙ্গী করা দরকার। নিরাময়ের লিগ্যাসি পার্সন তথা মুখ্য সংযোজক যোগাচার্য রাহুল সমঝোতা চুক্তি অনুযায়ী মহাবিদ্যালয় কী কী সুবিধা পাবে, তা জানান। পড়ুয়া সহ মহাবিদ্যালয় পরিবারের প্রত্যেকের স্বার্থে এমন উদ্যোগ নেওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সাধুবাদ দেন তিনি।

অনুষ্ঠানের অঙ্গ হিসেবে দ্বিতীয় পর্বে “যৌগিক ওয়েলনেস’ কর্মসূচি পরিচালনা করে নিরাময়। রিসোর্স পার্সন ছিলেন শতাক্ষী ভট্টাচার্য। তিনি হাতে-কলমে বিভিন্ন প্রক্রিয়ার প্রশিক্ষণ দেন। বিস্তারিত জানান দেন অভ্যাসের উপকার সম্পর্কেও। পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা সমবেত যোগ অনুশীলন করেন এই সেশনে।




