বরাক তরঙ্গ, ২৭ জুন : মাদক সমস্যা একটি জটিল সমস্যা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে শনিবার রাধামাধব কলেজের হেল্থ ও রেডরিবন কমিটির উদ্যোগে এবং এনএসএস ইউনিট- এনসিসি ইউনিট এর যৌথ সহযোগিতায় এক বিশাল সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এদিন মূলতঃ মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসকে উপলক্ষ করেই র্যালিটি আয়োজন করা হয় যা শিলচর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কলেজে এসে সমাপ্ত হয়। এদিনের এই র্যালিতে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, গ্রন্থাগার কর্মী সহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এদিন র্যালি শেষে রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী নিজের বক্তব্যে বলেন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাধামাধব কলেজের হেল্থ ও রেড রিবন কমিটির যৌথ উদ্যোগে আজ এক সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এলাকার সর্বসাধারণের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচিতে কলেজের সকল শিক্ষক, শিক্ষাকর্মী, গ্রন্থাগার কর্মীবৃন্দ এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তিনি বলেন তরুণ শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে, সচেতন করতে এবং মাদকের কুফল সম্পর্কে জ্ঞান প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে, যাতে তারা মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলতে পারে। এই সচেতনতামূলক প্রচার অভিযানটি সফল করতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন আমাদের এই উদ্যোগকে সম্পূর্ণ সফল করে তুলেছে বলে জানান অধ্যক্ষ।

এদিনের র্যালিতে অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. রাহুল শরনিয়া, ড. জীবন দাশ, ড. নবনিতা দেবনাথ, ড. সি এইচ মণিকুমার সিংহ, ড. অরুণাভ ভট্টাচার্য, ড. সোনালি চৌধুরী, ড. সন্তোষ বরা, ড. রূপম রায়, ড. সূর্যসেন দেব, ড. স্বর্ণালী রায় চৌধুরী, ড. আশিসতরু রায়, নম্রতা নাথ, সুমিতা বোস, বৈশালী চক্রবর্তী, গৌরী শঙ্কর ধর, হেড অ্যাসিস্টেন্ট পূর্ণেন্দু দাস, পিটার নোয়া রংমাই, সাজেদুল আলম বড়ভূইয়া, কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার সহ অন্যান্যরা। র্যালিকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে বিশেষ ভূমিকা নেয় কলেজের এনসিসি কেডেটরা।



