মঠঘরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : অভিযুক্ত চালক ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে

Spread the news

বরাক তরঙ্গ, ২ মে : মঠঘরিয়ায় গত সোমবার সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন যুবতী—আকাঙ্ক্ষা শইকিয়া, পূজা সাহা এবং আর্মিনা আহমদ। এই ঘটনায় অভিযুক্ত চালক সামিম আহমেদকে চার দিনের পুলিশি হেফাজতের পর আজ কামরূপ মেট্রোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাকে ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১২ মে পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকতে হবে।

এদিকে, মঠঘরিয়ার একটি নালা থেকে উদ্ধার হওয়া সামিমের রক্তমাখা পোশাকের নমুনা পরীক্ষার জন্য পুলিশ আদালতে আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে। ঘটনাটি শুক্রবার নতুন মোড় নেয়। সেদিন সকালে মঠঘরিয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহানগর পুলিশ সামিম আহমদের রক্তমাখা পোশাক উদ্ধার করে।

জানা গেছে, দুর্ঘটনার পর অভিযুক্ত নিজের পোশাক পরিবর্তন করে এবং রক্তমাখা কাপড় একটি নালায় ফেলে দেয়। পরে নুনমাটি থানার পুলিশ সেই পোশাক উদ্ধার করে। তদন্তে সামিম আহমেদকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশের সন্দেহ, তিনি একটি এসকর্ট সার্ভিস পরিচালনার সঙ্গে জড়িত থাকতে পারেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। উল্লেখ্য, সামিম আহমেদের বাড়ি বরপেটা জেলায় হলেও তার পড়াশোনা গোৱালপাড়ায় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *