বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : উত্তেজনাপূর্ণ ম্যাচে ইনজুরি টাইমের গোলে সমতায় ফেরার পর টাইব্রেকারে এমজে সুপারস্টার মধুরাপুলকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠল আরশান এফসি সোনাবাড়িঘাট। মঙ্গলবার সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় ফেরিঘাট সংলগ্ন মাঠে। শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। ১২ মিনিটে প্রেমিওর গোলে এগিয়ে যায় মধুরাপুল। তবে চার মিনিটের মধ্যেই জনসনের গোলে সমতা ফেরায় আরশান এফসি। ৩১ মিনিটে চাকরির গোলে ফের এগিয়ে যায় মধুরাপুল। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-১ গোলে।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে নামে আরশান এফসি। একাধিক সুযোগ তৈরি করলেও মধুরাপুলের রক্ষণভাগ, বিশেষ করে বিশ্বনাথের দৃঢ়তায় গোলের মুখ খুলতে পারেনি তারা। নির্ধারিত সময়ের শেষদিকে ম্যাচ যখন মধুরাপুলের নিয়ন্ত্রণে, তখন ইনজুরি টাইমে একটি ফাউল থেকে সুযোগ পায় আরশান এফসি। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল্ডেনসন গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৩ গোলে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট পায় আরশান এফসি। ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে লাল কার্ড দেখেন মধুরাপুলের চাকরি।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মধুরাপুলের ডিফেন্ডার বিশ্বনাথ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের উপদেষ্টা আশু চৌধুরী ও রাজিম উদ্দিন। ম্যাচ পরিচালনা করেন শামিম বড়ভূইয়া, বুলবুল লস্কর, সাহিদ চৌধুরী ও আনসার মিয়া।
আগামী শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। সেখানে আরশান এফসির মুখোমুখি হবে টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর।



