
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে জয় ছিনিয়ে নিল পুনিরমুখ ভিডি এনজিও। শুক্রবার অনুষ্ঠিত টানটান উত্তেজনার ম্যাচে ভুবনখালের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে পুনিরমুখ ভি ডি এনজিও।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার ২৫ মিনিটে সাহেলের গোলে এগিয়ে যায় পুনিরমুখ ভিডি এনজিও। এরপর ৩৮ মিনিটে সাজিদ দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান। তবে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ভুবনখাল। খেলার ৪৬ মিনিটে জাহিদের গোলে ব্যবধান কমানোর পর রিদওয়ানের গোলে সমতা ফেরায় তারা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৪ গোলে জয় নিশ্চিত করে পুনিরমুখ ভিডি এনজিও।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পুনিরমুখ ভিডি এনজিওর গোলরক্ষক আলামিন। তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী তথা রুকনী ইস্ট গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য সাজুল হক বড়ভূইয়া এবং অ্যাকাডেমির সদস্য হরেকৃষ্ণ শুক্লবৈদ্য। ম্যাচ পরিচালনা করেন জাফর বড়ভূইয়া, শামিম আহমদ বড়ভূইয়া, শহিদ চৌধুরী ও এনাম উদ্দিন। এদিকে, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আগামী রবিবার মুখোমুখি হবে ইয়ংস্টার ক্লাব বাঁশখাল ও ধোয়ারবন্ধ এফসি।



