ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচারের অভিযোগ
শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচারের উদ্দেশ্যে আসার অভিযোগে চার বাংলাদেশি যুবক-সহ পাঁচজনকে আটক করেছে বদরপুর পুলিশ। সোমবার সন্ধ্যায় বদরপুর থানার মহাকল এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটকদের মধ্যে কাটিগড়া থানার জগদীশপুর গ্রামের ফজল উদ্দিন নামে এক যুবকও রয়েছেন।
শ্রীভূমি বর্ডার পুলিশের ডিএসপি মুকুট কাকতি, বদরপুর থানার ওসি মানসজ্যোতি বড়ো এবং সেকেন্ড ওসি অমিত রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশিরা হলেন রেজাউল করিম, সাবির আহমদ, রাসেল আহমদ ও হাসান আহমদ। তাঁদের বাড়ি বাংলাদেশের সিলেট ও জকিগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ভারত থেকে মহিষ সংগ্রহ করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই তাঁরা মহাকল এলাকায় এসেছিলেন। স্থানীয় যুবক ফজল উদ্দিনের সঙ্গে তাঁদের কী ধরনের যোগাযোগ ছিল এবং এর পেছনে কোনও বড় পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, চার বাংলাদেশি কীভাবে ভারতে প্রবেশ করলেন এবং তাঁদের কাছে বৈধ নথিপত্র ছিল কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।



