ধর্মনগরে চলন্ত ট্রেন থেকে সোনার অলঙ্কার চুরি, গ্রেফতার ৩

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট :
ত্রিপুরার এক মহিলা রেলযাত্রীর চলন্ত ট্রেন থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে ধর্মনগর জিআরপি। ঘটনার তদন্তে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

বুধবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেডআরইউসিসি সদস্য ড. হারাণ দে তদন্তের অগ্রগতি জানতে ধর্মনগর জিআরপির অফিসার ইনচার্জের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। জিআরপি সূত্রে তাঁকে জানানো হয়, চুরি যাওয়া সোনার অলঙ্কার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তদন্তের স্বার্থে তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার বিপ্লবী দাস নামে এক মহিলা তাঁর স্বামী ও ননদকে সঙ্গে নিয়ে পেঁচারতল থেকে শিলচরগামী একটি ট্রেনে ওঠেন। ধর্মনগরে পৌঁছানোর আগেই চলন্ত ট্রেনে তাঁর ব্যাগ থেকে প্রায় ৩ ভরি ৪ আনা ওজনের দু’টি বালা ও একটি নেকলেসসহ নগদ ১৩ হাজার টাকা চুরি হয়ে যায়।

ঘটনার পর সন্দেহের ভিত্তিতে সজল পাল নামে এক ব্যক্তিকে আটক করে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। হঠাৎ করে মূল্যবান সোনার গয়না ও নগদ টাকা চুরি হয়ে যাওয়ায় ওই মহিলা কার্যত বিমূঢ় হয়ে পড়েন। ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। চুরি যাওয়া সামগ্রী দ্রুত উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে ধর্মনগর জিআরপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *