শিলচরের প্রধান সড়কের বেহাল অংশে সিসি ব্লক বসানো ঘিরে বিতর্ক

Spread the news

সোমবারের মধ্যে সমস্যার সমাধানের দাবি, নইলে পথ অবরোধের হুঁশিয়ারি স্থানীয়দের

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জুলাই :
শিলচর শহরের প্রধান সড়কগুলির বেহাল অবস্থাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা। শনিবার সাংবাদিক বৈঠক ডেকে তাঁরা অভিযোগ করেন, ক্যাপিটাল পয়েন্ট, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিক্যাল রোড পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গর্ত ও জলজমার সমস্যা দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে সাধারণ মানুষকে।

বিশেষ করে ওরিয়েন্টাল সিনেমা হল ও হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করা হয়। স্থানীয়দের বক্তব্য, রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমে থাকায় অস্থায়ীভাবে সেখানে সিসি ব্লক বসানো হয়েছিল। কিন্তু ভারী যানবাহনের চাপে সেই ব্লকগুলি ভেঙে রাস্তার পাশে ছড়িয়ে পড়েছে, ফলে সমস্যা আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী প্রধান সড়কে সিসি ব্লক বসানোর অনুমতি নেই। সাধারণত বাইলেন বা ছোট গলিতেই এ ধরনের ব্লক ব্যবহার করা হয়। সেই নিয়ম উপেক্ষা করে কীভাবে শিলচরের ব্যস্ততম সড়কে সিসি ব্লক বসানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

এছাড়াও অভিযোগ করা হয়, এনএইচআইডিসিএল (NHIDCL)-এর কাজের ফলে রাস্তার উচ্চতা বেড়ে যাওয়ায় আশপাশের বাড়িগুলি নিচু হয়ে পড়েছে। ফলে বৃষ্টির জল এখন ঘরের ভিতরে ঢুকে পড়ছে। বিষয়টি নিয়ে একাধিকবার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে দেখা করেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি তাঁদের।

হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং স্থানীয় বাসিন্দারা অবিলম্বে হাসপাতাল রোডে সিসি ব্লক বসানোর কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি সোমবারের মধ্যে এনএইচআইডিসিএলের বিভাগীয় আধিকারিকদের এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের আহ্বান জানান। অন্যথায় স্থানীয়রা পথ অবরোধ করে গণআন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন চন্দন পাল চৌধুরী, পার্থ ধর, বিষ্ণু পাল, সাহিদা খাতুন, মনিদীপ সেন, রবীন্দ্র গুলগুলিয়া, আশুতোষ পাল, সুরেন্দ্র জৈনসহ বহু স্থানীয় বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *