মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : দক্ষিণ করিমগঞ্জ ব্লকের প্রাথমিক শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ের পরিকাঠামো শক্তিশালীকরণ এবং পড়ুয়াদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী শিক্ষাধিকারিকের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত শৌচাগার, পড়ুয়াদের বসার ব্যবস্থা, শিক্ষাসামগ্রীর প্রাপ্যতা, শিক্ষক-শিক্ষিকার ঘাটতি, মিড-ডে মিলের মান, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ নিয়ে পর্যালোচনা করা হয়। বিদ্যালয়ভিত্তিক সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন বিধায়ক।
আমিনুর রশিদ চৌধুরী বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের শিক্ষার ওপর। প্রাথমিক শিক্ষাই শিশুর জীবনের ভিত্তি তৈরি করে। তাই আর্থিক বা পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কোনও শিশু যাতে শিক্ষার মূলধারা থেকে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন শিক্ষা প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে শিক্ষা বিভাগের আধিকারিকরা বিদ্যালয়গুলির বর্তমান অবস্থা, চলমান উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিধায়ককে অবহিত করেন। প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াবান্ধব করে গড়ে তুলতে ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিধায়ক।



