২৪ সেপ্টেম্বর : বিহারের জামুইয়ে নাবালিকা হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সমস্তিপুর। নির্জন রাস্তায় এক তরুণীকে ঘিরে ধরে হেনস্থা, গালিগালাজ এবং অশালীন আচরণের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার ৫৮ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই ভিডিয়োয় দেখা চার যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি সমস্তিপুর কর্পূরীগ্রাম থানার জগতসিংহপুর গ্রামের বাঁধ বাইপাস রোডের।
জানা গিয়েছে, বুধবার ওই তরুণী এক যুবকের সঙ্গে বাইপাস রোডে গিয়েছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে দু’জনে ছবি তুলছিলেন। সেই সময় কয়েক জন স্থানীয় যুবক সেখানে এসে তাঁদের ঘিরে ধরেন। প্রথমে ওই যুবককে গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। ওই যুবক ভয়ে সেখান থেকে চলে গেলে তরুণীকে ঘিরে ধরে হেনস্থা করতে শুরু করেন অভিযুক্তরা বলে অভিযোগ।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কয়েক জন যুবক ওই তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করছে। সেখানে দেখা যাচ্ছে, তরুণীর তাঁর হাত ধরে টানাটানি করছেন যুবকরা। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে তাঁর চুল টেনে ধরা হয় বলে ভিডিওয় দেখা গিয়েছে। তরুণী নিজেকে কোনও মতে ছাড়িয়ে পালানোর চেষ্টা করলেও তাঁকে ফের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিয়োয় তরুণীকে যুবকদের কাছে অনুনয়-বিনয় করতেও শোনা যায়। যুবকেরা তাঁর হাত মুচড়ে দেয় বলেও অভিযোগ।
এই ঘটনার সময়ে কেউ মোবাইলে ভিডিও রেকর্ড করেছিলেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে আসার পরই তদন্ত শুরু হয়। স্থানীয় সূত্রে প্রথমে দাবি করা হয়েছিল, ভিডিওয় দেখা যুবকেরা জগতসিংহপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ভিডিয়োর ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করার পরেই তাদের সন্ধান শুরু হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, ভিডিওর ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। চার অভিযুক্তকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সমস্তিপুরের পুলিশ আধিকারিক অরবিন্দ প্রতাপ সিং জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভিডিয়োয় দেখা প্রত্যেক ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।




