১৭ জুন : মাঠে নামার আগেই ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তবে ইতিহাস গড়েই থেমে থাকেননি আর্জেন্টাইন মহাতারকা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি গড়েছেন একাধিক রেকর্ড। তার অনবদ্য নৈপুণ্যে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। বুধবার সকালে কনসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের তিনটি গোলই করেন মেসি।
এদিন বিশ্ব ফুটবলে নতুন এক মাইলফলক স্পর্শ করেন ৩৯ বছর বয়সী এই তারকা। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামেন তিনি। একই সঙ্গে এটি ছিল তার ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে ক্রিস্তিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের গণ্ডি স্পর্শ করেন মেসি। ম্যাচের চতুর্থ মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে হতাশ না হয়ে ১৭তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে প্রায় ২৫ গজ দূরত্ব থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে ডি-বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোলের রেকর্ডে ব্রাজিল কিংবদন্তি রিভালদোর পাশে নাম লেখান তিনি। দ্বিতীয়ার্ধে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলের সুযোগ নিয়ে ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৭৬ মিনিটে আরেকটি চমৎকার ফিনিশিংয়ে পূর্ণ করেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেন মেসি। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোলসংখ্যা এখন ১২০।
এছাড়া সবচেয়ে কম বয়সে (২০০৬) এবং সবচেয়ে বেশি বয়সে (২০২৬) আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ডও এখন তার দখলে। ম্যাচে বল দখলের লড়াইয়ে খুব বেশি পিছিয়ে ছিল না আলজেরিয়া। তবে আক্রমণে ধার দেখাতে ব্যর্থ হয় তারা। গোলের উদ্দেশে ছয়টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। মেসির রেকর্ডময় হ্যাটট্রিকের দিনে দাপুটে জয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।



