মহাসড়কের পাশে রেস্টুরেন্ট ঘিরে উত্তেজনা, ভাঙচুর, উদ্ধার তরুণী

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুন : উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রাম এলাকার মহাসড়কের পাশে অবস্থিত ‘পারিজাত’ রেস্টুরেন্টকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনাও ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে ঘিরে বিভিন্ন ধরনের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ উঠছিল। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকের সহযোগিতায় সন্দেহজনক পরিস্থিতিতে এক কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে উধারবন্দ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলচর থেকে অতিরিক্ত পুলিশ সুপার এবং উধারবন্দের সার্কল অফিসার ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
এলাকাবাসীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকলাপও খতিয়ে দেখার দাবি তোলেন তারা।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত মার্চ মাস থেকে দুধপাতিল এলাকার এক তরুণীর কোনো সন্ধান মিলছিল না। মঙ্গলবার রাতে তরুণীর পরিবারের সদস্যরা খবর পান যে তিনি পারিজাত রেস্টুরেন্টে অবস্থান করছেন। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের সদস্যদের দাবি, তারা রেস্টুরেন্টের ভেতর থেকে ওই তরুণীকে উদ্ধার করেন। তরুণীর স্বজনদের অভিযোগ, তরুণী তাদের জানিয়েছেন তাকে জোরপূর্বক সেখানে আটকে রাখা হয়েছিল এবং অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, উত্তেজিত জনতা রেস্টুরেন্টে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা সেখান থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *