
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : অসমের কাছাড় ও মিজোরামের কোলাসিব জেলার খেলোয়াড়দের নিয়ে আয়োজিত আন্তঃরাজ্য সীমান্ত উৎসব ‘ইন্টারস্টেট বর্ডার ফেস্টিভ্যাল ২০২৬’-এর বর্ডার গেমসের টেবিল টেনিসে নজর কাড়লেন কাছাড়ের খেলোয়াড়েরা। শুক্রবার ভাইরেংটেতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছ’টি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আরও ছ’টি বিভাগে রানার্স-আপ হয়েছেন তাঁরা। সব মিলিয়ে ১৪টি বিভাগে ১২টি পুরস্কার জয়ের স্থান দখল করেছেন কাছাড়ের খেলোয়াড়েরা।
পুরুষদের সিঙ্গলসে বিপ্রজিত পাল চ্যাম্পিয়ন এবং প্রিয়াংশু পাল রানার্স-আপ হন। মহিলাদের সিঙ্গলসে আরুহি নাথ খেতাব জেতেন। রানার্স-আপ হন স্নেহা শর্মা। পুরুষদের ডাবলসে বিপ্রজিত পাল ও রাজীব দেব জুটি চ্যাম্পিয়ন হয়। প্রিয়াংশু পাল ও পার্থপ্রতিম দেব জুটি রানার্স-আপ হয়।

মিক্সড ডাবলসে প্রিয়াংশু পাল ও অরুহি নাথ জুটি চ্যাম্পিয়ন হয়। বিপ্রজিত পাল ও কাজরী কর জুটি রানার্স-আপ হয়। ভেটেরান্স ৪৫ ঊর্ধ্ব সিঙ্গলসে কোলাসিবের এক খেলোয়াড় চ্যাম্পিয়ন হন। এই বিভাগে রানার্স-আপ হন কৃতিসুন্দর দত্ত। ৫৫ ঊর্ধ্ব সিঙ্গলসে পার্থ দেব চ্যাম্পিয়ন এবং হরেন্দ্র সিংহ রানার্স-আপ হন। ভেটেরান্স ডাবলসে পার্থ দেব ও হরেন্দ্র সিংহ জুটি খেতাব জেতে।

দুই জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে এই প্রতিযোগিতা সীমান্ত এলাকার ক্রীড়া ও পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ করে দেয়।



