১ জুন : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঁচজন নতুন বিচারপতির নিয়োগ অনুমোদন করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, অপরজন সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট সিনিয়র আইনজীবী।
গত ২২ ও ২৭ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই পাঁচজনের নাম সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান বিচারপতি সূর্যকান্তর সঙ্গে পরামর্শক্রমে তাঁদের নিয়োগে অনুমোদন দেন। কেন্দ্র সরকার ইতিমধ্যে এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সামাজিক মাধ্যম এক্স-এ এই নিয়োগের তথ্য প্রকাশ করেন।
নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন— সুপ্রিম কোর্টের নতুন বিচারপতিরা হলেন শীল নাগু (পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি), চন্দ্রশেখর (বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি), সঞ্জীব সচদেবা (মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি), অরুণ পাল্লি (জম্মু-কাশ্মীর ও লাদাখের প্রধান বিচারপতি) ও ভেঙ্কিটা সুব্রামণি মোহানা (সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট)।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা প্রধান বিচারপতিসহ ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে। বর্তমানে আদালতে ৩২ জন বিচারপতি কর্মরত রয়েছেন। তবে চলতি জুন মাসে বিচারপতি জেকে মহেশ্বরী এবং পঙ্কজ মিত্তল অবসর গ্রহণ করবেন। ফলে নতুন নিয়োগের মাধ্যমে শীর্ষ আদালতের বিচারিক পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।



