বরাক তরঙ্গ, ১ জুন: সঙ্গীত, নৃত্য ও সমরকলার এক অনন্য সমন্বয়ে নরসিংহপুরে অনুষ্ঠিত হলো বীণাছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার নরসিংহপুর স্বর্ণলক্ষ্মী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নৃত্যনাট্য “নটখট নন্দলাল” পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও সরস্বতী বন্দনার মাধ্যমে। পরে আয়োজকদের প্রারম্ভিক বক্তব্যের পাশাপাশি উপস্থিত বিশিষ্ট অতিথিরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কথক নৃত্য, তবলায় লহরা পরিবেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একই মঞ্চে সঙ্গীত ও নৃত্যকলার পাশাপাশি মার্শাল আর্টের প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান। বরাক ভ্যালি উইং চুন মার্শাল আর্টের নরসিংহপুর শাখার এক মাসের প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আত্মরক্ষার শিক্ষার এই সংযুক্তি উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে। বীণাছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের কর্ণধার দেবতোষ নাথ তাঁর বক্তব্যে বলেন, প্রাচীন ভারতীয় গুরুকুল ব্যবস্থায় সঙ্গীত, নৃত্য, শিল্পকলা এবং সমরকলার শিক্ষা সমান গুরুত্বের সঙ্গে প্রদান করা হতো। মানুষের মানসিক বিকাশ, আধ্যাত্মিক চেতনার জাগরণ এবং আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে এই তিন ধারার শিক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থায়ও এই সমন্বিত শিক্ষার প্রচলনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা শাসক বিরেশ চন্দ্র নাথ, কবি-সাহিত্যিক প্রভাস চন্দ্র নাথ, নরসিংহপুর-ধলাই জেলা পরিষদের সদস্যা পম্পি নাথ চৌধুরী, শিক্ষাবিদ পরিমল নাথ, নরসিংহপুর স্বর্ণলক্ষ্মী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন নাথ, শিক্ষক বিজন বিহারী নাথ, শিক্ষাবিদ সচীদানন্দ নাথ সরস্বতী এবং উইং চুন কুংফু মার্শাল আর্টের প্রশিক্ষক সিফু প্রীতম কুমার নাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে প্রাক্তন জেলা শাসক বিরেশচন্দ্র নাথ, কবি-সাহিত্যিক প্রভাস চন্দ্র নাথ এবং শিক্ষাবিদ পরিমল নাথ চৌধুরীসহ অতিথিরা বক্তব্য রাখেন এবং আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঙ্গীত, নৃত্য ও সমরকলার সমন্বিত উপস্থাপনার মাধ্যমে উপস্থিত দর্শকদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।



