মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে কর্মসূচি ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা
১০ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর (SIR)-এ কথিত কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দলটি।
এর আগে গত ২ অক্টোবর মুম্বইতেও একই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল সিজেপি। শনিবারের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে, যন্তর মন্তরে পৌঁছানোর আগেই আটক করা হয়েছে বলে দাবি উঠেছে দেশের পরিচিত ডিজিটাল কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠীকে। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬ সংলগ্ন কেন্দ্রীয় বিহার সোসাইটির আবাসন থেকে তাঁকে আটক করে গুরুগ্রাম পুলিশ বলে সূত্রের খবর।

পুলিশের নির্দেশ অমান্য করে বিক্ষোভে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার অভিযোগেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তবে তাঁর আটকের কারণ সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের বিস্তারিত জানা যায়নি।



