বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ এবং লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের বিদায়ী সভাপতি অনুপ দেবকে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩২২জি-র লায়ন্স ইয়ার ২০২৬–২৭-এর জন্য কেবিনেট সদস্য তথা জোন চেয়ারপার্সন (জোন ১৫) পদে মনোনীত করা হয়েছে নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মনোজ ভাজাঙ্কার নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় শিলচরসহ সমগ্র অঞ্চলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, অনুপ দেব দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তি সমাজসেবার ক্ষেত্রে আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে তাঁর এই সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক দিলু দাস এক বার্তায় বলেন, “অনুপ দেবের এই অর্জন আমাদের গর্বিত করেছে। আমরা আশা করি তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের মাধ্যমে আমাদের এই অঞ্চলে সমাজসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”



