মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : নতুন রূপে সাজানো হলেও অবহেলা ও অযত্নে ধীরে ধীরে গৌরব হারাচ্ছে পাথারকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্রভবন। একসময় শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ভবনটি আজ কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।
ভোটের প্রাক্কালে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে প্রায় ২০ লক্ষ টাকার ব্যয়ে ভবনটির সংস্কার কাজ সম্পন্ন হয়। নতুন রঙ, উন্নত অবকাঠামো এবং নিরাপত্তার জন্য লোহার গ্রিল স্থাপনসহ একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। অল্প সময়ের মধ্যেই ভবনটি নতুন চেহারা পেলেও, রক্ষণাবেক্ষণের অভাবে সেই সৌন্দর্য দ্রুতই ম্লান হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দা ও শিল্পী সমাজের অভিযোগ, বর্তমান পরিচালন কমিটির গাফিলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবর্তে ভবনটি এখন ব্যক্তিগত অনুষ্ঠান—বিবাহ, অন্নপ্রাশন কিংবা শ্রাদ্ধানুষ্ঠানের জন্য ব্যবহৃত হচ্ছে। ফলে অনুষ্ঠানের পর আবর্জনা ও পচা খাবারের দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে উঠছে, যা ভবনের মর্যাদাকে ক্ষুণ্ন করছে।
এছাড়াও, নির্বাচনকালে নিরাপত্তা বাহিনীর জন্য নির্মিত অস্থায়ী শৌচালয় অপসারণ না করায় চারপাশে নোংরা পরিবেশ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক অনুষ্ঠানের পর ভবনের অবস্থা আরও খারাপ হয়েছে বলেও অভিযোগ। খোলা দরজা-জানালার কারণে ঝড়-বৃষ্টিতে ক্ষতি হচ্ছে, এমনকি নতুন রঙ করা দেওয়ালে পানের পিকের দাগও দেখা যাচ্ছে।
এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ ও সংস্কৃতিপ্রেমী মহল দ্রুত একটি শক্তিশালী ও দায়িত্বশীল পরিচালন কমিটি গঠনের দাবি জানিয়েছে। তাঁদের মতে, যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু না হলে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ মঞ্চ হারিয়ে যেতে পারে। ফলে পাথারকান্দির সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



