ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে ঠেলাগাড়িতে বাইক তুলে অভিনব প্রতিবাদ অখিলের

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুলাই : অসম বিধানসভার অধিবেশন মানেই গত কয়েক বছরে সংবাদমাধ্যমের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন বিধায়ক অখিল গগৈ। ব্যতিক্রমী প্রতিবাদের জন্য পরিচিত এই বিধায়ক চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন, মঙ্গলবারও অভিনব উপায়ে সরকারের নীতির বিরোধিতা করেন।

এদিন পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের নীতির বিরুদ্ধে বিধানসভা চত্বরে ঠেলাগাড়িতে একটি মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ দেখান অখিল গগৈ। তাঁর সঙ্গে ছিলেন রাইজর দলের অপর বিধায়ক মেহবুব মুক্তার। দু’জনই হাতে প্ল্যাকার্ড নিয়ে ইথানল-২০ নীতির বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন।

প্রতিবাদ কর্মসূচিতে অখিল গগৈ অভিযোগ করেন, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে দেশের অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকরীর ইথানল মিশ্রিত পেট্রোল নীতির কারণে কোটি কোটি গাড়ির মালিক সমস্যার মুখে পড়েছেন।

তিনি দাবি করেন, সরকার কৃষকদের সহায়তার কথা বললেও ২০২২ সালের আগে কেনা অধিকাংশ যানবাহনে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। এছাড়া সরকারি সংস্থার পরীক্ষায়ও দেখা গেছে, পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশালে অন্তত ৬ শতাংশ পর্যন্ত মাইলেজ কমে যায়।

অখিল গগৈ আরও অভিযোগ করেন, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে সারা দেশে কোটি কোটি মানুষের আর্থিক ক্ষতি হয়েছে, ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ পেট্রোলে ইথানল মেশানোর পরও জ্বালানির দাম কমেনি বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *