ধারালো অস্ত্র দিয়ে আঘাত, সরকারি ট্যাব, সোনার চেন ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : হাইলাকান্দির একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে তাঁদের মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং সরকারি ট্যাব, সোনার চেন ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আলগাপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন ভাটিরকুপা প্রথম খণ্ডের চৌধুরী এলপি স্কুলের প্রধান শিক্ষিকা দিলারা বেগম লস্কর।
প্রধান শিক্ষিকার দাখিল করা অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১১টা নাগাদ হাইলাকান্দি শিক্ষা খণ্ডের বিইইও রাজেশ চক্রবর্তী এক আধিকারিককে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে তদন্তের জন্য উপস্থিত হন। সেই সময় আচমকাই একদল ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করে। অভিযোগ, তারা শ্রেণিকক্ষে ঢুকে প্রধান শিক্ষিকার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষিকা দিলারা বেগম লস্কর এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেন লস্করের ওপর হামলা চালানো হয়।

এজাহারে প্রধান শিক্ষিকা অভিযোগ করেছেন, অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করার পাশাপাশি ব্যাপক মারধর করে। তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ। হামলার সময় বিদ্যালয়ের সরকারি ট্যাব, তাঁর গলায় থাকা সোনার চেন এবং বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রেজিস্টার ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। এমনকি ভবিষ্যতে বিদ্যালয়ে এলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ঘটনায় গুরুতর আহত প্রধান শিক্ষিকাকে অ্যাম্বুলেন্সে করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার পর তিনি আলগাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই ওই বিদ্যালয়ের ছাত্রীদের উপস্থিতি নথিভুক্তকরণে অনিয়ম এবং শিক্ষা সেতু অ্যাপে অননুমোদিত প্রবেশ-সহ একাধিক অভিযোগ তুলে হাইলাকান্দি শিক্ষা খণ্ড আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন প্রধান শিক্ষিকা। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার তদন্তে বিদ্যালয়ে পৌঁছেছিলেন বিইইও রাজেশ চক্রবর্তী। আর তাঁর উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে শিক্ষক-শিক্ষিকার ওপর এমন হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী প্রধান শিক্ষিকা।



