শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালিত, আদর্শ অনুসরণের আহ্বান

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জুলাই :
ভারত কেশরী ড. শ্যামাপ্রাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সন্ধ্যায় শিলচরের শিলংপট্টিতে তাঁর পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে এক মর্যাদাপূর্ণ স্মরণোৎসব অনুষ্ঠিত হয়। শিলচর শ্যামাপ্রাদ মুখার্জি স্মৃতি রক্ষা সমিতির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও সমিতির সদস্যরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ড. মুখার্জির আদর্শ–দেশপ্রেম ও জাতীয়চেতনার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সূচনায় প্রধান অতিথি ও অন্যান্য বিদ্যমান অতিথিরা ড. শ্যামাপ্রাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর সমিতির সদস্যদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সভা সিদ্ধি লাভ করে। সারা অনুষ্ঠানে দেশপ্রেম ও জাতীয়তাবোধের আবহ এবং ড. মুখার্জির রাজনৈতিক দর্শন ও জীবনবোধের প্রতি শ্রদ্ধা পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন তৎকালীন জনসংঘের একসময়ের কর্মকর্তা সন্তোষ কুমার পাটুয়া, বিজেপির বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, বিশিষ্ট চিকিৎসক ড. প্রবাল পাল চৌধুরী এবং শিলচর শ্যামাপ্রাদ মুখার্জি স্মৃতি রক্ষা সমিতির সভাপতি রমাপদ ভট্টাচার্য্য। সভায় আরও উপস্থিত ছিলেন মিত্রা রায়, অনিল দেব ও আইনজীবী জয়জ্যোতি দে সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সক্রিয় ব্যক্তিবর্গ। আলোচনা পর্বে বক্তারা ড. শ্যামাপ্রাদ মুখার্জির বর্ণাঢ্য জীবন, দেশপ্রেম, রাজনৈতিক দর্শন ও স্বাধীনোত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান উপস্থাপন করেন।

সন্তোষকুমার পাটোয়া তাঁর বক্তৃতায় ড. মুখার্জির সংগ্রামী জীবন ও দেশভক্তির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, দেশের অখণ্ডতা, সাংস্কৃতিক ঐক্য ও জাতীয় চেতনাকে সুদৃঢ় করতে তাঁর অনুপ্রেরণা আজও প্রাসঙ্গিক। সাংসদ পরিমল শুক্লবৈদ্য ড. মুখার্জির ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠায় কৃতিত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তাঁর দূরদর্শিতার কথা স্মরণ করান এবং বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শ পৌঁছে দেওয়ার গুরুত্বে জোর দেন।

বিজেপির বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে বলেন, ড. মুখার্জির নীতিনিষ্ঠ নেতৃত্ব ও আপসহীন রাজনৈতিক অবস্থান দেশের স্বার্থকে সর্বোচ্চ স্থানে রেখে চলার এক অনুকরণীয় নজির। সমিতির সভাপতি রমাপদ ভট্টাচার্য্য সমিতির বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ড. মুখার্জির স্মৃতি সংরক্ষণ ও তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য।

সমস্ত বক্তব্য ও শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে উপস্থিত সকলে ড. শ্যামাপ্রাদ মুখার্জির আদর্শকে সমাজজীবনে ধারণ করে আগামী প্রজন্মে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক পরিবেশ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *