৪০ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী শিবা দেবের প্রচারে ঝড়

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শিলচর পৌরনিগম নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শিবা দেবের প্রচারে জোর গতি এসেছে। রবিবার তৃতীয় লিঙ্ক রোড ও দ্বিতীয় লিঙ্ক রোড এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল পদযাত্রা বের করেন তিনি। পদযাত্রায় স্থানীয় বাসিন্দাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। ঢাক-ঢোল বাজিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের কাছে আশীর্বাদ ও সমর্থনের আবেদন জানান শিবা দেব।

প্রচারে শিবা দেব বলেন, দল নয়, উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। ৪০ নম্বর ওয়ার্ডকে দুর্নীতিমুক্ত ও একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতেই তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান।

এদিন বিজেপিকে নিশানা করে শিবা দেব অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে দলের কিছু লোক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ভোটের মাধ্যমে ওয়ার্ডের মানুষ এর জবাব দেবেন বলেও দাবি করেন তিনি।

শিবা দেব আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে শারদীয় দুর্গোৎসবের আগে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত (এসএইচজি) মহিলাদের ২৫ হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নেবেন। পাশাপাশি, বিজেপি প্রার্থীকে জয়ী করতে লক্ষ্মীপুর থেকে অর্থের বিনিময়ে লোক এনে প্রচার চালানোরও অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগের স্বতন্ত্র কোনও প্রমাণ তিনি প্রচারে তুলে ধরেননি।

বিজেপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে—এমন দাবি প্রসঙ্গে শিবা দেব বলেন, দল থেকে বহিষ্কারের আগেই তিনি নিজ পদ থেকে পদত্যাগ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *