আমিনগাঁওয়ে ট্রাক থেকে আফিম উদ্ধার, গ্রেফতার হাইলাকান্দি জেলার দুই যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : কামরূপ জেলার আমিনগাঁওয়ে অভিযান চালিয়ে একটি টাটা এলপিটি ট্রাক থেকে ২.৭ কেজি সন্দেহভাজন আফিম উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে চালানো এই অভিযানে মাদকদ্রব্য পাচারের অভিযোগে ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুর থেকে আমিনগাঁও হয়ে নিম্ন অসমে মাদক পাচার করা হচ্ছে—এমন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এরপর AS 33 C 2231 নম্বরের ট্রাকটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ট্রাকের হুডের ওপর থাকা ত্রিপলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় সন্দেহভাজন আফিমের প্যাকেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ট্রাকের চালক ও খালাসিকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হল হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত দিনানাথপুর গ্রামের বাসিন্দা ২৫ বছর বয়সি মহম্মদ মাজরুল ইসলাম লস্কর এবং জেহেরুল ইসলাম লস্কর (২৭)। মাজরুল ট্রাকটির চালক এবং জেহেরুল খালাসি হিসেবে কাজ করছিলেন।

কামরূপের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) কল্যাণ কে পাঠকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া সন্দেহভাজন মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *