বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : সরকারি অর্থের বরাদ্দ ও ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্নের মুখে অসমের বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিল। চেয়ারম্যান রূপম সাহার কার্যকালে সরকারি তহবিলের বরাদ্দ, অর্থ ছাড়, বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য জানতে তথ্য অধিকার আইনে (RTI) আবেদন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনও জবাব মেলেনি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তথ্য অধিকার আইনের ১৯(১) ধারা অনুযায়ী প্রথম আপিল দায়ের করেছেন আবেদনকারী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনলাইনে RTI আবেদনটি দাখিল করা হয়। আবেদনের রেজিস্ট্রেশন নম্বর RTIASM/R/2026/15900। ১৯ জানুয়ারি ২০২১ থেকে চেয়ারম্যান রূপম সাহার কার্যকালের যাবতীয় আর্থিক লেনদেন এবং সরকারি তহবিলের ব্যবহার সংক্রান্ত নথিভিত্তিক তথ্য চাওয়া হয়েছিল। আবেদনটি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য শিলচরের ITDP প্রকল্প অধিকর্তার কার্যালয়ের স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার (SPIO) কৃষ্ণা বর্মনের কাছে পাঠানো হয়।

আবেদনে মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে, ২০২১ সাল থেকে প্রতি অর্থবছরে কাউন্সিলের জন্য কত টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত অনুমোদনপত্র ও সরকারি আদেশের প্রতিলিপি। পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত ও বাস্তবায়িত প্রকল্পগুলির বিবরণ, প্রতিটি প্রকল্পে বরাদ্দ, অর্থ ছাড় এবং প্রকৃত ব্যয়ের হিসাবও চাওয়া হয়েছে। এছাড়া বছরভিত্তিক মোট ব্যয়, অব্যবহৃত অর্থের পরিমাণ, ইউটিলাইজেশন সার্টিফিকেট (UC), অডিট রিপোর্ট ও সংশ্লিষ্ট হিসাবপত্রের প্রতিলিপি চাওয়া হয়েছে।
বিশেষভাবে চেয়ারম্যানের ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন, মালিকানা অথবা ভাড়ার চুক্তি, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ, লগবুক এবং বিল-ভাউচারের তথ্যও চাওয়া হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান রূপম সাহার সাম্মানিক, ভ্রমণ ভাতা (TA/DA) এবং অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা বাবদ কত অর্থ দেওয়া হয়েছে, তার অনুমোদন ও পরিশোধ সংক্রান্ত নথিও চাওয়া হয়। কিন্তু আবেদন জমা দেওয়ার পর আইননির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট SPIO-র কাছ থেকে কোনও তথ্য কিংবা লিখিত সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে অভিযোগ আবেদনকারীর। এর পরিপ্রেক্ষিতেই প্রথম আপিল দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, তথ্য অধিকার আইনের ৭(১) ধারা অনুযায়ী সাধারণত আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে তথ্য সরবরাহ করতে হয় অথবা তথ্য প্রত্যাখ্যানের ক্ষেত্রে আইনসম্মত কারণ জানাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনও সিদ্ধান্ত না জানানো হলে ৭(২) ধারা অনুযায়ী তা প্রত্যাখ্যান হিসেবে গণ্য হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন সামনে এসেছে। ২০২১ সাল থেকে কাউন্সিলের জন্য মোট কত সরকারি অর্থ বরাদ্দ ও ছাড় করা হয়েছে, কোন প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে, কত অর্থ অব্যবহৃত রয়েছে এবং সংশ্লিষ্ট অডিট রিপোর্ট ও ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায়—এসব প্রশ্নের উত্তর জানতে আগ্রহ তৈরি হয়েছে।

অসম সরকারের বিভিন্ন উন্নয়ন পরিষদের মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক উন্নয়ন। সেই জায়গা থেকে বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজকর্ম ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের গুরুত্ব যথেষ্ট। সরকারি তহবিলের অর্থ জনগণের। ফলে সেই অর্থের বরাদ্দ, ছাড়, ব্যবহার ও হিসাব সংরক্ষণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তথ্য অধিকার আইনও নাগরিকদের সরকারি অর্থের ব্যবহার সম্পর্কে তথ্য জানার অধিকার দিয়েছে।
এখন প্রথম আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। আবেদনকারীর চাওয়া তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয় কি না এবং সংশ্লিষ্ট দফতর এ বিষয়ে কী ব্যাখ্যা দেয়, তা-ই পরবর্তী সময়ে এই ঘটনার গতিপ্রকৃতি নির্ধারণ করবে। সরকারি অর্থের হিসাব নিয়ে ওঠা প্রশ্নগুলির স্বচ্ছ ও নথিভিত্তিক জবাবের অপেক্ষায় রয়েছেন আগ্রহী মহল।



