শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাছাড় জেলার কাটিগড়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড়। হত্যার অভিযোগে প্রতিবেশী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে কাটিগড়া পুলিশ। ধৃতরা হলেন রিংকু দাস ও তাঁর স্ত্রী সুমা দাস। তাঁদের শিলচর আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে দু’জনকেই জেল হেফাজতে পাঠানো হয়।

ঘটনার সূত্রপাত তিন দিন আগে। কাটিগড়ার সিদ্ধেশ্বর গ্রামের বাসিন্দা রঞ্জিত দাসের মৃতদেহ রহস্যজনক অবস্থায় উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজের বাড়ি থেকে মাত্র ১০ মিটার দূরে মাটিতে পড়ে থাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, রঞ্জিতের মৃত্যুকে ঘিরে শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, প্রতিবেশী পরিবারের সদস্যরাই রঞ্জিতকে হত্যা করে বাড়ির অদূরে মৃতদেহ ফেলে রেখেছে।

পরিবারের এই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করে কাটিগড়া পুলিশ। তদন্তের পর রিংকু দাস ও তাঁর স্ত্রী সুমা দাসকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়। রঞ্জিতের মৃত্যুর ঘটনার নেপথ্যে প্রকৃত রহস্য কী, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে কাটিগড়া পুলিশ।



