পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : শিলচর পুর নিগমের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইল ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। অভিযোগগুলির তদন্তভার মুখ্যমন্ত্রীর তদারকি শাখার হাতে তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে মুখ্যমন্ত্রীকে একটি ই-মেল পাঠিয়ে শিলচর পৌর নিগমের সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন।

ই-মেলে তিনি অভিযোগ করেন, শিলচরের ডাম্পিং গ্রাউন্ড বর্তমানে দুর্নীতির উৎসে পরিণত হয়েছে। একদিকে ডাম্পিং গ্রাউন্ড থেকে নির্গত দুর্গন্ধে মেহেরপুর এলাকার বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, অন্যদিকে সেখানে বিভিন্ন খাতে বিপুল অর্থ ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।
তাঁর অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ডে গাছ লাগানোর জন্য ২৭ লক্ষ টাকা এবং ঝাড়ু কেনার জন্য ১৪ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে। অথচ বাস্তবে সেখানে এখনও একটিও গাছ লাগানো হয়নি বলে দাবি করেন তিনি। ফলে সংশ্লিষ্ট খাতে বরাদ্দ অর্থের ব্যবহার নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে।

ড. দে-র বক্তব্য, ডাম্পিং গ্রাউন্ডের অব্যবস্থাপনার কারণে মেহেরপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রীর তদারকি শাখার মাধ্যমে তদন্তের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।



