রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : শিলচরের অন্নপূর্ণাঘাট চার বছরের শিশুকে সঙ্গে নিয়ে মহিলার ঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে মহিলা ও শিশুটির জুতো-চপ্পল এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি SDRF-এর উদ্ধারকারী দল বরাক নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা তাঁর চার বছরের সন্তানকে সঙ্গে নিয়ে অন্নপূর্ণাঘাট এলাকায় এসেছিলেন। পরবর্তীতে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে তাঁদের ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়।
উদ্ধার হওয়া ব্যাগ থেকে একটি আধার কার্ড পাওয়া গেছে। কার্ডে মালুগ্রাম এলাকার বড়দুধপাতিল গ্রান্টের ঠিকানা উল্লেখ রয়েছে। নাম রয়েছে দিয়া আকুড়া।
পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। একই সঙ্গে SDRF-এর দল নিখোঁজ মহিলা ও শিশুটির সন্ধানে বরাক নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।



