বরাক তরঙ্গ, ২৬ মে : কাবুগঞ্জ জনতা কলেজে “পণপ্রথার অভিশাপ” বিষয়ক এক সচেতনতামূলক বক্তৃতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কলেজের মহিলা সেল আইকিউএসি-র সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবি পঞ্চমী নাথ। তিনি বিস্তারিতভাবে বলেন যে, পণপ্রথার বিরুদ্ধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে, যেমন ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট। কিন্তু শুধুমাত্র আইন করলেই এই সমস্যার সমাধান হবে না। মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে এবং এই ক্ষতিকর প্রথাকে প্রত্যাখ্যান করতে হবে। পণপ্রথা দূর করতে শিক্ষা, সচেতনতা এবং নারীদের প্রতি সমান সম্মান অত্যন্ত জরুরি। বক্তৃতার শেষে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে একটি শপথ গ্রহণ করান, যেখানে সকলে প্রতিজ্ঞা করে যে তারা কখনও পণ দেবে না এবং নেবেও না।

কলেজের আইকিউএসি সমন্বয়ক সঞ্জিত মুচাহারিও ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পণপ্রথার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে পৌরহিত্য করেন কলেজের উপাধ্যক্ষা সুজাতা পালিত। তিনি বলেন, পণপ্রথার কারণে কনের পরিবারের উপর প্রচণ্ড আর্থিক চাপ সৃষ্টি হয়। দরিদ্র পরিবারগুলোকে অনেক সময় ঋণ নিতে হয় বা সম্পত্তি বিক্রি করতে হয় পণের দাবি পূরণ করতে। বহু ক্ষেত্রে পণের পরিমাণ কম হওয়ায় নারীরা নির্যাতন, অত্যাচার এমনকি হত্যারও শিকার হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের মহিলা সেলের আহ্বায়ক গায়ত্রী সিংহা। তিনিই আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



