বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ বছরের এক শিশুর। রান্নাঘরের মাটির দেওয়াল ধসে এই ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু, যার চিকিৎসা চলছে হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফটিকরায় থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে নিবাস মালাকারের বাড়িতে বুধবার সন্ধ্যার পর আচমকাই রান্নাঘরের একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে। সেই সময় বাড়ির দুই শিশু দেওয়ালের নিচে চাপা পড়ে যায়।
ঘটনা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। দ্রুত স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পাঁচ বছরের অঙ্কুশ মালাকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম আয়ুশ মালাকারকে প্রাথমিক চিকিৎসার পর কৈলাসহর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতাল চত্বরে শোকার্ত পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারটি আর্থিকভাবে দুর্বল হওয়ায় আহত শিশুর চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ছবি সৌজন্যে RTv Tripura



