বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : ধলাই থানা অধীন মধ্য রাজনগরে দুষ্কৃতকারীদের আক্রমণে এক পরিবারের পাঁচজন লোক আহত হয়েছেন। এরমধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ। এনিয়ে ধলাই থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে সালমান হোসেন লস্কর জানান, তাঁর বাবা মনাই উদ্দিন লস্কর সকালে রাস্তায় বের হলে দেখতে পান কয়েকজন লোক টিলার আড়ালে রাস্তার ধারে একটি অটো নিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলে সইফুল নামে এক যুবক পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে সরে যেতে বলে। মনাই উদ্দিন সোজা বাড়িতে গিয়ে ছেলেদের ঘটনাটি জানালে দুই ছেলে ও তিনি বেরিয়ে আসেন। মারপিটে না জড়াতে বলে পেছনে হয়ে মনাইর মেয়ে ও স্ত্রী আসেন। কিন্তু রাস্তার অটোর পাশে পৌঁছতেই পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। সইফুলের হয়ে পরিবারের আরও চার সদস্য মারপিটে জড়িয়ে পড়েন।
সালমান জানান, সোনা মিয়া নামে এক ব্যক্তি তাঁর ছোট ভাই সাদিক আহমদ লস্করকে ছুরি দিয়ে আঘাত করেন। কাঠ দিয়ে বাবা মনাই উদ্দিনের মাথা ফাটিয়ে দেয়। এমন কী তাঁর মা রত্না বেগম ও ১২ বছরের বোন কুলসুমা বেগমকে মারধর করেন। বোনের হাত মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। সালমান বলেন, সইফুলরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা প্রায় সময় এলাকার লোকদের হুমকিধামকি দিয়ে থাকেন। তিনি বলেন, সব বিষয় তুলে ধলাই থানায় পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছেন। পুলিশের কাছে তদন্ত সাপেক্ষে সুবিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ দিকে, সইফুলদের কোন বয়ান পাওয়া যায়নি।



