
৮ অক্টোবর : ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার ভোরে উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় পাঁচতলা ভবনটির বড় একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে পাঁচ শিশুসহ ২০ জনের লাশ উদ্ধার করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহত পাঁচ শিশুর মধ্যে তিনজনের বয়স মাত্র এক বছর। আরেকজনের বয়স আট বছর। হামলায় সাত শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া বিভিন্ন অঞ্চলে প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা কঠিন ছিল।
কিয়েভ, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলও হামলার শিকার হয়েছে। রাজধানী কিয়েভে হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা।
জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।



