পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক অমিয়কান্তি দাশের

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : এলাকার সার্বিক উন্নয়ন এবং সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতে পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন ধলাইর বিধায়ক অমিয়কান্তি দাশ। সোমবার ধলাই সমজেলার সহকারী আয়ুক্ত দীক্ষা সরকারের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, বিদ্যুৎ, স্বাস্থ্য ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পালংঘাট উন্নয়ন খণ্ড আধিকারিক কাবেরী বরগোয়াই, গঙ্গানগর-রুকনি জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, বিজেপি নেতা কৃষ্ণজীবন দেবনাথ, পালংঘাট মণ্ডল বিজেপি সভাপতি অপূর্ব দাশ, আঞ্চলিক পঞ্চায়েতের উপসভাপতি উপেন্দ্রচন্দ্র দাশ-সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্য, গ্রাম পঞ্চায়েত সভাপতি ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা।

সোমবার বৈঠকে প্রথমে পূর্ত বিভাগের অধীনে পালংঘাট উন্নয়ন খণ্ড এলাকায় চলমান রাস্তা নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন বিধায়ক। এরপর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীনে থাকা পানীয় জল প্রকল্প ও জল সরবরাহ ব্যবস্থার বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। পানীয় জল পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি যে সমস্ত এলাকায় এখনও এই পরিষেবা পৌঁছায়নি, সেগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন বিধায়ক।

বিদ্যুৎ বিভাগের পর্যালোচনায় এলাকার বিদ্যুৎ পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যেসব এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি, সেগুলি চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুরনো ও জীর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গেও পর্যালোচনা বৈঠক করেন বিধায়ক। এলাকার প্রতিটি নাগরিকের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন এলাকায় হাসপাতাল স্থাপনের সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এদিন অসম সরকারের ‘অসম দর্শন’ প্রকল্পের কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন বিধায়ক।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অমিয়কান্তি দাশ জানান, পালংঘাট উন্নয়ন খণ্ড এলাকার রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য, পানীয় জল-সহ বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজ যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় এবং এলাকার সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয়, সেই লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *