রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মিজোরামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন শিলচরের এক গাড়িচালক। শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের কলাশিব জেলার তিনদল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, শিলচরের দিক থেকে পণ্য নিয়ে মিজোরামের উদ্দেশে যাচ্ছিলেন শিলচর সদর থানার অন্তর্গত সৈদপুরের বাসিন্দা জাবেদ মজুমদার (প্রায় ৩৫)। তিনদল এলাকায় তাঁর গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর তিনি গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর এসে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে জাবেদ গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এই মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
ইতিমধ্যে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট গাড়িচালক সংস্থার সদস্যরাও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।



