বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল লালা থানার পুলিশ। গোপন সূত্রে মাদক পরিবহণের খবর পেয়ে শনিবার গগলাছড়া রোডে অভিযান চালিয়ে সন্দেহভাজন হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে নগদ টাকা, মোবাইল ফোন এবং একটি ই-অটোও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪০টি ভায়ালে থাকা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। ভায়ালসহ উদ্ধার হওয়া সামগ্রীর মোট ওজন প্রায় ২১ গ্রাম। এছাড়াও নগদ ১,০১০ টাকা, একটি ভিভো মোবাইল ফোন এবং AS-24-AC-5930 নম্বরের একটি ইলেকট্রিক অটো বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় রাজ্যেশ্বরপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা রাজেশ সিংহ (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া পদার্থ পরীক্ষার পর সেটি আদৌ হেরোইন কি না এবং প্রকৃত পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে লালা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। মাদক পরিবহণের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।



