জোহানেসবার্গের কাছে বারে বন্দুক হামলা, নিহত ১৭

Spread the news

২৭ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে গাউটেং প্রদেশের ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। হামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে রবিবার ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিসের (SAPS) তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি পানশালাটিতে হামলা চালায়। হামলাকারীদের হাতে ছিল একে-৪৭ রাইফেল ও পিস্তল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে পানশালার বাইরে বসে থাকা কয়েকজনের ওপর গুলি চালানো হয়। পরে হামলাকারীরা ভেতরে ঢুকে গুলিবর্ষণ অব্যাহত রাখে।
ঘটনাস্থলেই ১৩ জন পুরুষ ও চারজন নারীর মৃত্যু হয়। জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মৃত ঘোষণা করেন। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তিকে খুঁজছে তারা। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হামলার উদ্দেশ্য ও ঘটনার পেছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *