বরাক তরঙ্গ, ২৫ জুন : লক্ষীপুরে মোহিত কানুর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। চিরি নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় চারজন পুলিশকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা। যদিও তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, গত ১৪ জুন লক্ষীপুরে পুলিশের তাড়া খেয়ে মোহিত কানু (২৭) চিরি নদীতে ঝাঁপ দেন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। পরদিন নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সামনে আসার পর থেকেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশের এক উচ্চপদস্থ সূত্রের দাবি, ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আটক চার পুলিশকর্মীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ঘটনার পরপরই রংমাই ও বিশ্বাস পদবীর দুই পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
মোহিতের পরিবারের সদস্যরা শুরু থেকেই তার মৃত্যুর জন্য সংশ্লিষ্ট পুলিশকর্মীদের দায়ী করে আসছেন। তাদের অভিযোগ, পুলিশের তাড়া ও আচরণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে আত্মরক্ষার তাগিদে মোহিত নদীতে ঝাঁপ দিতে বাধ্য হন। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে, ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও লক্ষীপুর ও আশপাশের এলাকায় ক্ষোভের আবহ এখনও প্রশমিত হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, তদন্তে প্রকৃত সত্য সামনে আসা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। মোহিত কানুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চার পুলিশকর্মীকে আটকের পর তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর তদন্তের অগ্রগতি এবং দায়ীদের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের দিকে।



